২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৬২.২৫ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন।
গত বছর ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সারাদেশে গড় পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। আগের তুলনায় জিপিএ-৫ এর পরিমান কমেছে ২২ হাজার ৩৫৬।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ফরম পূরণ করে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।
ফল দেখা যাবে যেভাবে:
যে যে বোর্ডের রেজাল্ট সেই সেই বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে ফল। যা eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd এর ওয়েবসাইটে পাওয়া যাবে।
এছাড়া মোবাইলে পরীক্ষার ফল জানতে টাইপ করতে হবে- SSCBOARDROLLYEAR বা SSCMADROLLYEAR বা SSCTECROLLYEAR এবং পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
প্রতিটি SMS-এর জন্য ১.৩৯ টাকা চার্জ প্রযোজ্য (সব ট্যাক্স অন্তর্ভুক্ত)।