এসএসসি ও সমমান পরীক্ষার খাতা এখন থেকে শুধু পুনঃনিরীক্ষণ নয়, পুনর্মূল্যায়নেরও সুযোগ পাবেন শিক্ষার্থীরা। কোথাও কোনো ভুলত্রুটি পাওয়া গেলে তা সংশোধনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আনুষ্ঠানিকতা উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষায় ভালো করার প্রত্যাশা থাকলেও অনেক সময় শিক্ষার্থীরা আশানুরূপ ফল করতে পারে না। ১৯৯৮ সালের বোর্ড আইনে খাতা পরিদর্শনের কোনো ব্যবস্থা ছিল না। এখন সেই ব্যবস্থা পরিবর্তন করা হয়েছে।
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
তিনি বলেন, যেসব শিক্ষার্থী পুনঃপরীক্ষণের জন্য আবেদন করবেন, তাদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে। খাতা যাচাইয়ের সময় কোনো ভুলত্রুটি পাওয়া গেলে তা সংশোধনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আজ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।
গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।