চুয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ‘একতা বজায় রেখে এগিয়ে যেতে হবে’ — চুয়েট ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, শিক্ষার্থীদের আলোকচিত্র প্রদর্শনী, প্রামাণ্যচিত্র প্রতিযোগিতা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ এবং সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, বাংলা তরজমা ও দোয়া পরিচালনা করেন চুয়েট স্টাফ কোয়ার্টার মসজিদের ইমাম হাফেজ ক্বারী মাওলানা হামিদ উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অধ্যায়। তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া আবু সাঈদ, ওয়াসিমসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

তিনি বলেন, “আমাদের মাঝে বিভাজনের চেষ্টা চলছে। তাই একতা বজায় রেখে এগিয়ে যেতে হবে। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”

উপাচার্য আরও বলেন, অতীতে অন্ধ প্রশংসার সংস্কৃতির কারণে অনেক সময় প্রকৃত বাস্তবতা আড়ালে থেকে গেছে। তাই সত্য, বাস্তবতা এবং জনগণের প্রত্যাশা স্পষ্টভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, “আমি স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাসী। সততা ও দক্ষতার সঙ্গে কাজ করলে সফলতা অনিবার্য। হিংসা-বিদ্বেষ ও আক্রোশ পরিহার করে সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রকৌশল বিশ্ববিদ্যালয় হিসেবে দেশের প্রতি আমাদের দায়িত্ব অনেক বেশি।”

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতির নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।