দুবাইফেরত যাত্রীর আন্ডারওয়্যারে লুকানো দেড় কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার চট্টগ্রাম বিমানবন্দরে

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা আনুমানিক দেড় কেজি স্বর্ণের পেস্ট/পাউডার উদ্ধার করেছে এনএসআই, ডিজিএফআই ও কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ দল।

সোমবার (৩ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটে দুবাই থেকে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে আগত এক যাত্রীর শরীর তল্লাশি করে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

আটক যাত্রীর নাম মোহাম্মদ তুষার। তার পাসপোর্ট নম্বর EL0102972। তিনি কুমিল্লা সদর উপজেলার দীঘলগাঁও এলাকার বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীকে নজরদারিতে রাখা হয়। পরে তল্লাশির সময় তার আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় স্বর্ণের পেস্ট/পাউডার উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এর ওজন আনুমানিক ১ হাজার ৫০০ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ২ কোটি ৮৬ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

তবে উদ্ধার হওয়া স্বর্ণ পেস্ট/পাউডার আকারে থাকায় এর প্রকৃত স্বর্ণের পরিমাণ নির্ধারণে স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরীক্ষার ফল পাওয়ার পর চূড়ান্ত ওজন ও মূল্য নির্ধারণ করা হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষা শেষে উদ্ধার হওয়া স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে আটক যাত্রীর বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিমানবন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বৈদেশিক মুদ্রা পাচার ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে এনএসআই, ডিজিএফআই, কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সমন্বিত নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।