ফেনীতে র‍্যাব-৭-এর অভিযানে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

ফেনী জেলার সদর থানার রামপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কুমিল্লা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে একজন মাদক কারবারি যাত্রীবাহী বাসে করে বিপুল পরিমাণ গাঁজা বহন করছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে ফেনী সদর থানাধীন রামপুরে র‍্যাব ক্যাম্পের প্রধান ফটকের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়।

এ সময় কুমিল্লা থেকে কক্সবাজারগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে থাকা মো. ফরিদুল আহম্মদ (৫০)কে আটক করা হয়। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পশ্চিম সূর্গাপুর এলাকার বাসিন্দা।

পরে বাসটির লাগেজ বক্সে থাকা দুটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করে স্কচটেপে মোড়ানো ১৫টি বান্ডেল থেকে মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে বলে জানায় র‍্যাব। উদ্ধার হওয়া গাঁজা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

র‍্যাব-৭ জানিয়েছে, আটক আসামি ও উদ্ধার হওয়া মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।