ইসরায়েলের দক্ষিণাঞ্চল সোমবার (৩ আগস্ট) ভোরে হঠাৎ কেঁপে উঠেছে। পার্শ্ববর্তী দেশ মিশরে একটি ভূমিকম্প আঘাত হানার পর দক্ষিণ ইসরায়েল ও মৃত সাগর অঞ্চলে কম্পন অনুভূত হয়। খবর জেরুজালেম পোস্ট’র।
মিশরের জাতীয় জ্যোতির্বিজ্ঞান ও ভূ-ভৌতিক গবেষণা প্রতিষ্ঠান জানায়, দেশটির সুয়েজ শহর থেকে ৩৮ কিলোমিটার উত্তরে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।
মিশরীয় রেড ক্রিসেন্ট জানায়, যেসব গভর্নরেটে ভূমিকম্প অনুভূত হয়েছে সেখানে তারা তাদের জরুরি সাড়া-প্রদান চালু করেছে। তবে এখন পর্যন্ত হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
প্রতিষ্ঠানটি আরও জানায়, তাদের কাছেও এখন পর্যন্ত হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির কোনো তথ্য আসেনি।
মিশরীয় রেড ক্রিসেন্ট জানিয়েছে, তারা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি সাড়া-প্রদান পরিকল্পনা কার্যকর করেছে। একই সঙ্গে তারা বাসিন্দাদের যেসব ভবনে কাঠামোগত ক্ষতির লক্ষণ রয়েছে সেগুলো এড়িয়ে চলার এবং পরিস্থিতি পর্যালোচনা চলাকালে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস ভূমিকম্পটির মাত্রা ৫.৪ বলে জানায় এবং জানায়, এটি ১০ কিলোমিটার গভীরতায় সংঘটিত হয়েছে।
ইসরায়েলে অ্যান্ড্রয়েড ডিভাইসে পাঠানো একটি সতর্কবার্তায় বলা হয়, মিশরে রিখটার স্কেলে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে।
ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড সেন্টার জানায়, ইসরায়েলে সম্ভাব্য অতিরিক্ত ভূমিকম্প সম্পর্কে কোনো সতর্কতা জারি করা হয়নি। তারা আরও জানায়, ভূমিকম্পটি সিনাই উপদ্বীপে সংঘটিত হয়েছে।