প্রতিটি থানায় চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজনের উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাস্থ্যসেবাকেন্দ্রিক উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নে সরকার কাজ করছে। সাধারণ মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসা পৌঁছে দিতে প্রতিটি থানায় চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনার পরিকল্পনাও নেওয়া হবে।

রোববার (২ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁওয়ে পাঁচ দিনব্যাপী বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঠাকুরগাঁও ডায়াবেটিস সমিতির আয়োজনে এবং নেপালের সহযোগিতায় এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। ইতোমধ্যে ২৫০ শয্যার জেলা হাসপাতালকে ৬০০ শয্যায় উন্নীত করা হয়েছে। আগামী বছর থেকেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষ পরিশ্রমী ও উদ্যোগী। যেসব মানুষ সহজে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের সেবা পান না, তাদের জন্য এ ধরনের ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে বিশেষায়িত চক্ষু চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কার্কি, এনএনআইএসের চেয়ারপারসন অধ্যাপক ডা. চেতরাজ প্রান্ত, বিরাটনগর আই হাসপাতালের চেয়ারম্যান পদ্ম নারায়ণ চৌধুরী, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনসহ জেলার চিকিৎসক, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিরা।