পেরুর দক্ষিণাঞ্চলের ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী নাজকা লাইনস পরিদর্শনে যাওয়া একটি পর্যটকবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১৩ আরোহীর সবাই নিহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার দুপুর ১টার দিকে পুয়েবলো ভিয়েহো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিমানটি পেরুর পিসকো বিমানবন্দর থেকে উড্ডয়ন করে নাজকা লাইনসের ওপর দিয়ে উড়ছিল।
পেরুর রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, বিমানে ১১ জন পর্যটক ও দুইজন পাইলট ছিলেন। নিহতদের মধ্যে দুইজন জার্মান, দুইজন স্প্যানিশ এবং সাতজন ইতালীয় নাগরিক রয়েছেন।
দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এএফপির বরাতে পুলিশ মেজর জর্জ আন্দ্রাদে বলেন, “দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে কোনো জীবিতকে পাওয়া যায়নি।” তিনি জানান, প্রাথমিকভাবে চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত ভিডিওতে দুর্ঘটনাস্থলে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীরা কাজ করছেন।
উল্লেখ্য, পেরুর মরুভূমিতে হাজার বছর আগে আঁকা রহস্যময় বিশালাকৃতির প্রাণী ও জ্যামিতিক নকশার জন্য নাজকা লাইনস বিশ্বজুড়ে বিখ্যাত। এসব নকশা সম্পূর্ণভাবে দেখতে আকাশপথই সবচেয়ে উপযুক্ত হওয়ায় প্রতিবছর হাজারো পর্যটক ছোট বিমানে করে এলাকাটি পরিদর্শন করেন।