পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, হতে হবে মানবিক ও প্রযুক্তিনির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়; বরং দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মানবিক একটি বাহিনী হিসেবে কাজ করবে। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করতে পুলিশ সদস্যদের নির্দেশ দেন তিনি।

রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো ব্যক্তি যেন সেবা নিতে গিয়ে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

তিনি বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র মুক্ত হয়েছে। তাদের প্রত্যাশা ও গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং বৈষম্যহীন দেশ গঠনের প্রত্যয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’

অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের ছয় মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণের সমাপ্তি ঘটে। ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি শুরু হওয়া এ প্রশিক্ষণে অংশ নেওয়া ৫৮ জন কর্মকর্তা সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে কর্মজীবনে প্রবেশ করেন।

প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি দীর্ঘ ১৮ বছরের অপেক্ষা শেষে কর্মজীবনে প্রবেশ করা ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তাদের অভিনন্দন জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী নবীন কর্মকর্তাদের চেইন অব কমান্ড বজায় রেখে বৈষম্যহীন সমাজ গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনমনে আস্থা ও স্বস্তি ফিরিয়ে আনতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, মুক্তিযুদ্ধের চেতনা ও ছাত্র-জনতার আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে নবীন পুলিশ কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপ্যাল অ্যাডিশনাল আইজিপি জি এম আজিজুর রহমান।