চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ৬০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা (ডিবি-উত্তর) বিভাগ।
শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় ডিবি (উত্তর) বিভাগের টিম-৩১-এর পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আফতাব হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তি মো. সোহেল (৩১)। তিনি বাকলিয়া থানার মিয়াখান নগরের ময়দার মিল এলাকার জে.কে. টাওয়ারের একটি ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।
ডিবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল স্বীকার করেন, তার বাসার শয়নকক্ষে বিক্রির উদ্দেশ্যে ইয়াবা ও একটি বিদেশি পিস্তল লুকিয়ে রাখা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ওই বাসায় তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে শয়নকক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা একটি আইফোনের বক্স থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট (মোট ওজন ৬০ গ্রাম) উদ্ধার করা হয়। এছাড়া স্টিলের আলমারির ড্রয়ার থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল এবং ৭ দশমিক ৬৫ মিলিমিটার ক্যালিবারের এক রাউন্ড গুলি জব্দ করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা অস্ত্র, গুলি ও ইয়াবা জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।