চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ থেকে ২৩৫ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস ইন্টেলিজেন্স।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টা ১০ মিনিটে দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের BG-148 ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১৫০ কার্টন মন্ড (MOND) এবং ৮৫ কার্টন ইজি লাইটস (EASY LIGHTS) ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়।
কাস্টমস সূত্র জানায়, জব্দকৃত সিগারেট বহনের সঙ্গে জড়িত যাত্রীর নাম মোহাম্মদ সোহেল। তাঁর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।
কাস্টমস কর্তৃপক্ষের হিসাবে জব্দকৃত সিগারেটের বিপরীতে মোট ৫ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা রাজস্ব নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে মন্ড ব্র্যান্ডের ১৫০ কার্টনের জন্য ৩ লাখ ৩০ হাজার টাকা এবং ইজি লাইটস ব্র্যান্ডের ৮৫ কার্টনের জন্য ২ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা রাজস্ব নির্ধারণ করা হয়।
কাস্টমস জানায়, জব্দ করা পণ্য ডিটেনশন মেমোরেন্ডাম (ডিএম) এর মাধ্যমে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। সংশ্লিষ্ট যাত্রীকে কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ রোধ এবং সরকারি রাজস্ব ফাঁকি প্রতিরোধে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস ইন্টেলিজেন্স, কাস্টমস বিভাগ এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সমন্বিত নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।