চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রমের অংশ হিসেবে বারইপাড়া খাল পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বৃহস্পতিবার তিনি খালের পানি প্রবাহ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং চলমান উন্নয়ন কাজের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শন শেষে মেয়র বলেন, বারইপাড়া খাল খনন প্রকল্পের ফলে প্রায় ১০ লাখ মানুষ জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছেন। পূর্ব বাকলিয়া, পূর্ব ষোলশহর ও পশ্চিম বাকলিয়ার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা এখন বর্ষা মৌসুমে আগের মতো জলাবদ্ধতার শিকার হচ্ছেন না। এছাড়া প্রকল্পের আওতায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ফুটপাত নির্মাণ এবং খালপাড়ের সৌন্দর্যবর্ধনের মাধ্যমে এলাকাবাসীর জীবনযাত্রার মান উন্নত হয়েছে।
ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রামকে জলাবদ্ধতামুক্ত রাখতে খালগুলো সচল রাখা অত্যন্ত জরুরি। খাল দখল, ময়লা-আবর্জনা ফেলা এবং পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি কোনোভাবেই বরদাশত করা হবে না। নগরবাসীর সহযোগিতা ছাড়া এ লক্ষ্য অর্জন সম্ভব নয়। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে খাল-নালা পরিষ্কার রাখা এবং পরিবেশ সংরক্ষণে সচেতন হতে হবে।”
তিনি আরও বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়মিত খাল ও নালা পরিষ্কার কার্যক্রম পরিচালনা করছে। কোথাও অবৈধ দখল বা প্রতিবন্ধকতা থাকলে তা দ্রুত অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিচ্ছন্ন, সবুজ, নিরাপদ ও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়ে তুলতে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করছে।
এ সময় মেয়র সংশ্লিষ্ট কর্মকর্তাদের খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকি, আবর্জনা অপসারণ এবং রক্ষণাবেক্ষণ কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন।
পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রকৌশলী ফরহাদুল আলমসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।