চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুরে রাঙ্গুনিয়া উপজেলার জিয়ানগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে নবনিযুক্ত চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীমের নেতৃত্বে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা শ্রদ্ধা জানান।
এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, নির্বাহী কর্মকর্তা খন্দকার ইখতেখার উদ্দীন আরফাত, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশসহ জেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এ সময় জেলা পরিষদের কর্মকর্তারা বলেন, ঐতিহাসিক এ স্থানটি দেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন হিসেবে যথাযথ মর্যাদায় সংরক্ষণ করা প্রয়োজন।