জুলাই যোদ্ধাদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমের নির্দেশনায় সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই মেডিকেল বোর্ডে জুলাই যোদ্ধাদের বিভিন্ন শারীরিক সমস্যা পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান এবং উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
মেডিকেল বোর্ডে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্ণফুলীর জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডা. সাম্য দাশ গুপ্ত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পটিয়ার জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডা. আবুল বশর মোহাম্মদ আবু সুফিয়ান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পটিয়ার জুনিয়র কনসালট্যান্ট (চক্ষু) ডা. সুচিতা দত্ত, চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. নুরুল হায়দার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বোয়ালখালীর জুনিয়র কনসালট্যান্ট (অর্থোপেডিক্স) ডা. স্বরুপানন্দ চক্রবর্তী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মীরসরাইয়ের জুনিয়র কনসালট্যান্ট (ইএনটি) ডা. অতনু সাহা।
অনুষ্ঠানের শেষে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, জুলাই যোদ্ধাদের প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সিভিল সার্জন কার্যালয় সর্বদা আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
তিনি এ কার্যক্রম সফলভাবে পরিচালনায় সংশ্লিষ্ট চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।