টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০ লিটার দেশীয় মদসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড জানায়, সোমবার (২৭ জুলাই) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া হাজমপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সন্দেহজনক ইজিবাইক তল্লাশি করে প্রায় ২৭ হাজার টাকা মূল্যের ৩০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক, তিনটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৪৪০ টাকা জব্দ করা হয়। একই সঙ্গে চারজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।