চবি উপাচার্যের সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সৌজন্য সাক্ষাৎ, শিক্ষা-গবেষণায় সহযোগিতা জোরদারের আলোচনা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। এ সময় শিক্ষা, গবেষণা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদারসহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
রোববার (২৬ জুলাই) দুপুর ১২টায় উপাচার্য দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।
বৈঠকে আধুনিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণায় সহায়তা, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া অংশীদারত্বের মাধ্যমে নতুন উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে উভয় পক্ষ বিস্তারিত মতবিনিময় করেন।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ উপযোগী করে তুলতে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা অত্যন্ত জরুরি। শিল্পখাতের বাস্তব চাহিদা এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণালব্ধ জ্ঞানের সমন্বয় ঘটাতে পারলে শিক্ষা ও অর্থনীতি—উভয় ক্ষেত্রই সমানভাবে উপকৃত হবে।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কর্মকর্তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। তারা করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় শিক্ষা, গবেষণা এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর, হিসাব নিয়ামক দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল হোছাইন, ভারপ্রাপ্ত হিসাব নিয়ামক মো. আমিরুল ইসলাম, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এস. এম. আবু জাফরসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মতবিনিময় সভা শেষে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ সংলগ্ন এলাকায় একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় সভাপতি, সহকারী প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী এবং ব্যাংকের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।