বিএসটিআই লাইসেন্স ছাড়াই জারের পানি বিক্রি, চট্টগ্রামে কারখানা সিলগালা

বিএসটিআইয়ের সিএম (Certification Marks) লাইসেন্স ছাড়াই প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (জার) বাজারজাত এবং অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করার অভিযোগে চট্টগ্রাম নগরের কোতোয়ালী এলাকায় একটি প্রতিষ্ঠানের কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৬ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটে কোতোয়ালী থানাধীন ব্যাটারি গলির ৭৪০/এ, তাজনি ম্যানশনে অবস্থিত শাজিতুজ ফুড অ্যান্ড বেভারেজ-এ এ অভিযান পরিচালনা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও জেলা প্রশাসন।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআই থেকে প্রয়োজনীয় সিএম লাইসেন্স গ্রহণ ছাড়াই প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (জার) পণ্যে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করে বাজারজাত করছে। এ অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮-এর ১৫(১)/২৭ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে কারখানাটি সিলগালা করে চাবি বিএসটিআই কর্তৃপক্ষের জিম্মায় দেওয়া হয়। পাশাপাশি কারখানাটি সার্বক্ষণিক নজরদারিতে রাখার দায়িত্ব কোতোয়ালী থানা পুলিশকে দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির প্রতিনিধিকে দ্রুত বিএসটিআই থেকে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্যের অনুকূলে সিএম লাইসেন্সের জন্য আবেদন করার নির্দেশ দেন।

অভিযান পরিচালনা করেন বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রকৌশলী শিফাত বিনতে আরা।

এ সময় বিএসটিআই বিভাগীয় কার্যালয়, চট্টগ্রামের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মো. আবদুর রহিম এবং পরীক্ষক (মেট) প্রকৌশলী মো. রাশেদ প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।

বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে মানসম্মত ও নিরাপদ পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।