নবীন আইনজীবীদের সততা, নিষ্ঠা ও পেশাগত দায়িত্ববোধের সঙ্গে আইন পেশা পরিচালনার পাশাপাশি গরিব, দুস্থ ও অসহায় বিচারপ্রার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি।
রোববার (২৬ জুলাই) সকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আইনজীবী অডিটোরিয়ামে আয়োজিত ‘নবীন আইনজীবী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রায় এক হাজার নবীন আইনজীবী অংশ নেন।
আইনমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর অবস্থানে রয়েছে। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের উত্থাপিত বিভিন্ন দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। তিনি জানান, অন্যান্য পেশার মতো আইনজীবীদের জন্যও নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি আদালতের এজলাস সংকট ও অন্যান্য অবকাঠামোগত সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
তিনি জুলাই বিপ্লবের সময় চট্টগ্রামের শহীদ ওয়াসিম, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফসহ আন্দোলনে নিহত ও আহতদের স্মরণ করেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
স্বাগত বক্তব্যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন বলেন, পর্যাপ্ত জায়গার অভাবে চট্টগ্রামে আইনজীবীদের চেম্বার সংকট তীব্র আকার ধারণ করেছে। আদালতে এজলাসের স্বল্পতা ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে বিচার কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি নবীন ও জুনিয়র আইনজীবীদের পেশাগত উন্নয়ন এবং জীবনযাত্রার মানোন্নয়নে বিশেষ সরকারি প্রণোদনার দাবি জানান।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, অতীতে নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে আইনজীবীরা যেভাবে আইনি সহায়তা দিয়েছেন, তা প্রশংসনীয়। তিনি ভবিষ্যতেও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের সেই ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।
সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অন্যায়ের বিরুদ্ধে আইনজীবীদের ভূমিকা সবসময়ই গুরুত্বপূর্ণ। তিনি ভবিষ্যতেও পেশাগত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান।
এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস, চট্টগ্রামের জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান, মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ.জি.এম. মনিরুল হাসান সরকার এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ তালুকদার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম। এতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রায় এক হাজার নবীন আইনজীবী উপস্থিত ছিলেন।