বিশ্বকাপের ফাইনালের মাত্র কয়েক দিন আগে লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলের পুরো স্কোয়াডকে বিশেষ উপহার দিয়েছিলেন। উপহারের তালিকায় কী ছিল, তা নিয়ে জল্পনা-কল্পনার মধ্যে এবার তা প্রকাশ্যে এসেছে। মার্কোস সেনেসির প্রেমিকা কেলসি-রোজ বাওয়ার্স সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে সেই বিশেষ উপহার দেখিয়েছেন। খবর টিওয়াইসি স্পোর্টস’র।
আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি পরে থাকা ইংলিশ এই নারী একটি বাদামী রঙের ব্যাগ দেখান, যার সামনে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের লোগো, বিশ্বকাপ ট্রফির ছবি এবং মার্কোস সেনেসির নাম লেখা ছিল। ভিডিওর শুরুতে তিনি বলেন, আমি তোমাদের দারুণ একটা জিনিস দেখাতে চাই, তোমাদের এটা খুব ভালো লাগবে। এটি একটি কাস্টমাইজড ব্যাগ, যা মার্কোস টুর্নামেন্টে পেয়েছিল, এবং এতে তার নাম লেখা রয়েছে।
এরপর তিনি উপহারটির উৎস ব্যাখ্যা করে বলেন, এটি তার মাতে সেটের জন্য। মেসি সব খেলোয়াড়কে এই উপহারটি দিয়েছিলেন।
ব্যাগের ভেতরে তিনি দেখান মেসির ব্র্যান্ডের লোগোযুক্ত একটি সোনালি রঙের স্ট্যানলি থার্মোস, একটি মাতে কাপ, এক প্যাকেট ইয়েরবা মাতে এবং একটি বোম্বিয়া (ধাতব স্ট্র), যার সঙ্গে একটি বিল্ট-ইন চামচ রয়েছে।
বাওয়ার্স আরও ব্যাখ্যা করেন কেন এই সেটটি তার কাছে রয়েছে। তিনি বলেন, মার্কোস আমাকে এটি নিরাপদে রাখার জন্য দিয়েছে, যাতে আমি এটি মিয়ামিতে নিয়ে যেতে পারি। এরপর তিনি উপহারের সঙ্গে থাকা ইয়েরবা মাতে-ও দেখান। ওই ভিডিওটি দ্রুতই ভাইরাল হয়ে যায়।