নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চার নারী ও চার পুরুষসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ কমিশনারের সার্বিক দিকনির্দেশনায়, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এবং সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে এসআই আশরাফ সিদ্দিকী সঙ্গীয় ফোর্স নিয়ে নিউ মার্কেট এলাকার হোটেল মেট্টো ইন-এ এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চারজন পুরুষ ও চারজন নারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. শাহিদুল ইসলাম (২৬), আব্দুল হাকিম (৪২), মিরাজ আরমান (২৬), মো. মনসুর (৪৯), প্রিয়া (১৮), রুনা ওরফে সুমি (২০), মেঘলা (২০) এবং মারিয়া (১৮)।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা নং-২০৬/২০২৬, তারিখ ১৪ জুলাই ২০২৬, সিএমপিওর ৭৬/১০৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।