শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে চট্টগ্রামের দুই নম্বর গেটে পুলিশের প্রিজন ভ্যান অবরোধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায় পুলিশের একটি প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৪ জুলাই) বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো—বৈরী আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, গত ১২ ও ১৩ জুলাই প্রতিকূল আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেনি তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা এবং বৃষ্টিতে যাদের প্রবেশপত্র বা প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট বা হারিয়ে গেছে তাদের দ্রুত নতুন কাগজপত্র সরবরাহ করা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, টানা বৃষ্টি ও বন্যা পরিস্থিতির মধ্যে পরীক্ষা দিতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। এছাড়া ক্যালকুলেটর, প্রবেশপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট হওয়ায় পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ছেন।

তাদের অভিযোগ, প্রতিকূল পরিস্থিতি বিবেচনায় না নিয়ে সোমবার পরীক্ষা নেওয়ায় অনেক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি। সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট অঞ্চলের প্রতি বৈষম্যমূলক সিদ্ধান্ত না নেওয়ারও দাবি জানান তারা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বন্যাকবলিত এলাকার পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণার পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেন।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।