চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিয়ন্ত্রণে সরকারের সমন্বিত উদ্যোগ কার্যকর ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, দীর্ঘমেয়াদে সুফল নিশ্চিত করতে চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের রক্ষণাবেক্ষণ, পরিচালনা এবং সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে।
সোমবার (১৩ জুলাই) চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে ‘চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের রেগুলেটর হস্তান্তর-সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কার্যকারিতা ধরে রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্পটি সম্পন্ন হওয়ার পর এর সুষ্ঠু পরিচালনার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আগামী এক বছরের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট জনবলকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে, যাতে প্রকল্পটি কার্যকরভাবে পরিচালনা করা যায়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন এবং চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম।