দেশ বর্তমান ডেস্ক: চট্টগ্রামে টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর নির্দেশনায় মহানগরের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মোট ৭০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
গত ১২ জুলাই রাত ৮টা ১৫ মিনিটে আকবরশাহ থানার ফিরোজশাহ কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া ৯৫টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. আলমগীর হোসেন এবং আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
একই দিন রাত ৮টায় খুলশী থানার পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন ডা. শহীদ মকবুল আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ১৮৪টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) সোহেল পারভেজ এবং খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।
এছাড়া ১২ জুলাই রাত ৭টা ৪৫ মিনিটে পাঁচলাইশ থানার হোসেন আহম্মদ চৌধুরী সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজ আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ৮টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) সোহেল পারভেজ ও পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
১৩ জুলাই দুপুর ১২টায় বায়েজিদ বোস্তামী থানার হাজীপাড়া আব্দুল মোনায়েম হাইস্কুল আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ১৩টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণে অংশ নেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) সোহেল পারভেজ এবং বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম।
একই দিন দুপুর ১২টা ৪৫ মিনিটে চান্দগাঁও থানার শমসের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কালা মিয়া পুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ২০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন, পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার বিধান আবিদ এবং চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন।
এছাড়া ১৩ জুলাই দুপুর ১২টায় ইপিজেড থানার বিভিন্ন এলাকায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত আরও ২০০ পরিবারের মাঝেও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
সিএমপি জানায়, দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।