জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ পদোন্নতিতে উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন শেখ জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান ট্রাস্ট (বাংলাদেশ)-এর নির্বাহী পরিচালক (উপসচিব) সামসুন নাহার সুমি।
বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, সামসুন নাহার সুমিসহ মোট ১৭৯ জন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
বর্তমানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিচালিত শেখ জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান ট্রাস্ট (বাংলাদেশ)-এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সামসুন নাহার সুমি। কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
জানা যায়, তিনি ২৫তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ২০০৬ সালের ২১ আগস্ট সরকারি চাকরিতে যোগদান করেন।
সরকারি বিধিমালা অনুযায়ী, উপসচিব পদে নির্ধারিত সময় চাকরি সম্পন্ন এবং প্রয়োজনীয় চাকরির অভিজ্ঞতা অর্জনের পর কর্মকর্তারা যুগ্মসচিব পদে পদোন্নতির জন্য বিবেচিত হন।
সামসুন নাহার সুমির এই পদোন্নতিতে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সহকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
উল্লেখ্য, সামসুন নাহার সুমি বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জেনারেল ম্যানেজার) ফরিদ আহমেদের সহধর্মিণী।