মানিকগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে বিরোধ: প্রাণনাশের হুমকির অভিযোগ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের জগন্নাথদিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সজিব রানা (২৬) নামে এক ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, জগন্নাথদিয়া মৌজায় অবস্থিত নিজস্ব সম্পত্তি নিয়ে হেলাল (৪০), আজিজুল (১৮), বেল্লাল (৩৪), ইউসুফ শেখ (৬৫), জয়নাল (৩০) এবং জিলাল (৪৭) গংদের সাথে সজিব রানাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিবাদীরা বিভিন্ন সময় জোড়পূর্বক উক্ত জমি দখলের চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশী বৈঠক হলেও বিবাদীরা কোনো সমঝোতায় রাজি হয়নি। ফলে ভুক্তভোগীরা বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।

মামলা চলমান থাকা অবস্থাতেও বিবাদীরা ক্ষান্ত হয়নি। এর আগে বসতঘর ভাঙচুর ও মারধরের ঘটনায় ভুক্তভোগী পরিবার আরও একটি মামলা দায়ের করে। অভিযোগ রয়েছে, উক্ত মামলাগুলো বিচারাধীন থাকা সত্ত্বেও বিবাদীরা নিয়মিত ভয়-ভীতি দিয়ে আসছেন। সর্বশেষ ০৫ জুলাই, ২০২৬ তারিখ দুপুর ১২টার দিকে বিবাদীরা সংঘবদ্ধ হয়ে সজিব রানার বিরোধীয় জমিতে অনধিকার প্রবেশ করে জোড়পূর্বক গাছ রোপণ করে। এসময় বাঁধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীকে মারধরের জন্য তেড়ে আসে এবং প্রাণনাশের হুমকি দেয়।

ভুক্তভোগী সজিব রানা বলেন, “বিবাদীরা লোকবল অনেক ও আইন অমান্যকারী। তারা বারবার আমাদের জমি দখলের চেষ্টা করছে এবং গাছ লাগানোসহ বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছে। তাদের অব্যাহত হুমকির কারণে আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা যে কোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছি।” এ ব্যাপারে অভিযুক্ত বিবাদী হেলাল জানান, এই জমির মালিক আমি। তার কাছে দলিল সম্পর্কে জানতে চাইলে তিনি দলিল দেখাতে অপারগ হয়ে বলেন, এই জমি আমার বাবার। তিনি আরও বলেন, এই জমি বাবা ক্রয় করেছে এবং দলিল আমার বাবার কাছে আছে বলে তিনি দাবী করেন।
অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ভুক্তভোগী সজিব রানা স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে পুলিশ প্রশাসনের কাছে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানান।