৩০ বছর পূর্তি উপলক্ষে নব উদয় যুবসংঘ ক্লাবের মতবিনিময় সভা

গাজীপুর মহানগরীর পূবাইলের ৪২ নম্বর ওয়ার্ডের কামারগাঁও সরকার বাড়ি রিসোর্টে নব উদয় যুবসংঘ ক্লাবের প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার বিকেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবাইল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া। ক্লাবের সাধারণ সম্পাদক আওলাদ ভান্ডারীর সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ঠিকাদার ও ফৌজিয়া সরকার কমার্শিয়াল কমপ্লেক্সের স্বত্বাধিকারী শাহ আলম মুন্সী। উদ্বোধক ছিলেন সাইফুল আলম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পূবাইল আদর্শ কলেজের প্রভাষক আফজাল হোসেন ভূঁইয়া।

স্বাগত বক্তব্যে ক্লাবের সভাপতি শাহ আলম সরকার বলেন, তিন দশকের পথচলায় নব উদয় যুবসংঘ ক্লাব এলাকার ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। ভবিষ্যতেও সমাজসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সংগঠনটি কাজ করে যাবে। প্রধান অতিথি শাহ আলম মুন্সী বলেন, একটি সংগঠনের দীর্ঘ ৩০ বছরের পথচলা তার গ্রহণযোগ্যতা ও জনসম্পৃক্ততারই প্রমাণ। সমাজ উন্নয়ন এবং তরুণদের দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।
বিশেষ অতিথি প্রভাষক আফজাল হোসেন ভূঁইয়া বলেন,যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে শিক্ষা, ক্রীড়া ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, ক্লাবের সদস্য এবং এলাকার যুবসমাজ উপস্থিত ছিলেন। সভা শেষে ক্লাবের ৩০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।