গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
৩০ মে ২০২৬: শহীদ রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ জেলার টুংগীপাড়া উপজেলায়- বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টুঙ্গিপাড়া পৌর বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে পাটগাতী বাজার মোল্লা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় পৌর বিএনপির কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়ের। এছাড়াও উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, পৌর বিএনপির সভাপতি এমদাদ হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবলু শেখ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ জিহাদুল ইসলাম বাবুসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনা, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তারা তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
পরে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশ, জাতি এবং গণতন্ত্রের সমৃদ্ধি কামনা করা হয়।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় ১০০ থেকে ১২০ জন নেতাকর্মী অংশগ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।
বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।