ড্রামে জ্বালানি তেল বিক্রির দৃশ্য ভিডিওধারণকে কেন্দ্র করে সাংবাদিকদের উপর হামলার

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাশিমপুর এলাকায় একটি ফিলিং স্টেশনে ‘প্রশাসন’-এর নাম করে ড্রামে করে জ্বালানি তেল বিক্রির দৃশ্য ভিডিওধারণকে কেন্দ্র করে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১৮ এপ্রিল) ভোরে কাশিমপুরের মেসার্স ফারিয়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, ভোর বেলায় ওই ফিলিং স্টেশনে প্রশাসনের নাম ব্যবহার করে শত শত লিটার জ্বালানি তেল ড্রামে করে বিক্রি করা হচ্ছিল। এসময় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা বিষয়টি ভিডিওধারণ শুরু করলে পাম্প সংশ্লিষ্টদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে পাম্প মালিকপক্ষের লোকজন সাংবাদিকদের উপর চড়াও হয় এবং তাদের মারধর ও লাঞ্ছিত করে বলে অভিযোগ ওঠে। এতে অন্তত দুইজন সাংবাদিক আহত হন। পরে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠান।

ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিকরা সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দা বিরাজ করছে। সাংবাদিক নেতারা বলেন, অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলা অত্যন্ত নিন্দনীয়। দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।