বাংলাদেশ রেলওয়ের সুষ্ঠু, নিরাপদ ও সময়ানুবর্তী ট্রেন চলাচল নিশ্চিতকরণ এবং রানিং স্টাফদের বিভিন্ন পেশাগত সমস্যা সমাধানে রেলভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুন) রেলভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (আরএস) ফকির মো. মহিউদ্দিন। বৈঠকে যান্ত্রিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমানের নেতৃত্বে সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্ম মহাপরিচালক (যান্ত্রিক) কুদরাত-ই-খুদা, প্রধান যান্ত্রিক প্রকৌশলী (পূর্ব) সাদেকুর রহমান, প্রধান যান্ত্রিক প্রকৌশলী (পশ্চিম) আমিনুল হাসান, সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমানসহ কেন্দ্রীয় ও শাখা পর্যায়ের নেতৃবৃন্দ।
বৈঠকে নিরাপদ, সুশৃঙ্খল ও সময়ানুবর্তী ট্রেন পরিচালনার স্বার্থে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে রানিং স্টাফদের পেশাগত সমস্যা, কর্মপরিবেশের উন্নয়ন, দায়িত্ব পালনকালে বিভিন্ন প্রতিবন্ধকতা এবং সেগুলোর বাস্তবসম্মত সমাধানের বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।
আলোচনায় রেলওয়ের সেবার মান আরও উন্নত করা, যাত্রীসেবা কার্যকর ও জনবান্ধব করা এবং নিরাপদ রেল পরিচালনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠক শেষে উভয় পক্ষ বাংলাদেশ রেলওয়ের সার্বিক উন্নয়ন, যাত্রীসেবার মানোন্নয়ন এবং নিরাপদ ট্রেন চলাচল নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।