বাঁশখালীর লোকালয়ে বন্যহাতির তাণ্ডব

বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ বানীগ্রাম বাজারের পূর্ব পাশে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এলাকার লোকালয়ে এসে বন্যহাতি তাণ্ডব চালিয়েছে।

সোমবার (২৯ জানুয়ারী) রাত আনুমানিক ২টার সময় বন্যহাতির দল লোকালয়ে তাণ্ডব চালায়।

এতে হতাহত না হলেও আহমদ ছফা সওদাগর, প্রকাশ রঞ্জন চৌধুরী ও প্রবীর চৌধুরীর বসতবাড়ি ভাংচুর ও ফসলের ক্ষেত বিনষ্ট করে বন্যহাতির দল।

এছাড়াও বানীগ্রাম বাজারের রায় মার্কেটের আসফার সওদাগরের চাউলের দোকানসহ বেশ কয়েকটিতে আক্রমণ করেছে বন্যহাতি।

স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, গত কয়েক বছর ধরে প্রায়শ্চই বন্যহাতির দল লোকালয়ে ঢুকে বসতবাড়ি ও খেতখামার নষ্ট করছে। হাতির আক্রমণের ভয়ে এলাকাবাসী শঙ্কায় দিনাতিপাত করছে। তিনি বন্যহাতির আক্রমণ রোধে উপজেলা নির্বাহী অফিসার ও বন বিভাগের কর্মকর্তাদের সহায়তা কামনা করেছেন।

কালীপুর রেঞ্জ কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, মূলত বন উজাড় হওয়ায় খাদ্যের সন্ধানে বন্যহাতির দল লোকালয়ে ছুটে আসছে। ক্ষতিগ্রস্তদের আবেদনের প্রেক্ষিতে তদন্তপূর্বক বন বিভাগের আইন অনুযায়ী সহযোগীতা করা হবে।