স্বতন্ত্রপ্রার্থী হওয়ায় মোতালেবের ছবিতে আগুন ও ঝাড়ু মিছিল নদভীর সমর্থকদের

স্বতন্ত্রপ্রার্থী মোতালেবের প্রতিবাদ সমাবেশ

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদীয় আসনে স্বতন্ত্রপ্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ মোতালেবের ছবিতে আগুন এবং ঝাড়ু মিছিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. আবু রেজা নদভীর সমর্থকরা।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল ৫টার দিকে সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

নৌকা প্রতীকের সমর্থকরা প্রথমে কেরানীহাট হক টাওয়ার চত্বরে এসে জমায়েত হয়। পরে ঝাড়ু মিছিল নিয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে কেরানীহাট-বান্দরবান রাস্তার মাথা এলাকায় উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হারেজ মোহাম্মদের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে কেরানীহাট গোল চত্বরে মোতালেবের ছবিযুক্ত ফ্যাস্টুনদাহ করা হয় এবং মিছিলে মোতালেবকে বিষেদাগার করে শ্লোগান দেওয়া হয়। এ সময় নৌকার প্রার্থীর বিরোধীতা করায় মোতালেবকে দল থেকে বহিষ্কার এবং ভোটের মাঠে প্রতিহত করার ঘোষণা দেয় আবু নেজা নদভীর সমর্থকরা।

অপরদিকে, সন্ধ্যা ৭টার দিকে আবু রেজা নদভীর সমর্থকদের ঝাড়ু মিছিল ও ছবিতে আগুন দেয়ার ঘটনায় স্বতন্ত্রপ্রার্থী মোতালেব ও তার সমর্থকরা কেরানীহাট হক টাওয়ার চত্বরে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। এতে বক্তব্য দেন স্বতন্ত্রপ্রার্থী এম. এ মোতালেব, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের ও এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছালেহ।

দেশ বর্তমান/এআই