ইসরায়েলকে সমর্থনে তুরস্কে সরানো হয়েছে কোকাকোলা পণ্য

 

ইসরায়েলের পক্ষে সমর্থন দেওয়ার কারণে বিশ্বখ্যাত কোম্পানি কোকাকোলা এবং নেসলের পণ্য তুরস্কের সংসদে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ।

মঙ্গলবার (৭ নভেম্বর) সংসদের স্পিকার নুমান কুর্তুলমুসের সিদ্ধান্তের ভিত্তিতে এক বিবৃতিতে বলা হয়, ‘যেসব কোম্পানি ইসরায়েলকে সমর্থন দেয় সেসব কোম্পানির পণ্য তুরস্কের সংসদ এলাকার রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া এবং চায়ের দোকানগুলোতে বিক্রি করা হবে না।’

বিবৃতিতে কোন কোম্পানির পণ্য নিষিদ্ধ করা হয়েছে তার নাম উল্লেখ করা হয়নি। তবে একটি সূত্র জানায়, কোকাকোলা এবং নেসলের পণ্য সরিয়ে ফেলা হয়েছে। সাধারণ জনগণের দাবির ভিত্তিতে মূলত এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল অব্যাহতভাবে বোমা হামলা চালায়। মঙ্গলবার সন্ধ্যায় নিয়মিত ব্রিফিংয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় ,ইসরায়েলিদের ফেলা এসব বোমার গত ২৪ ঘণ্টায় আরও ৫৮৪ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

এছাড়া গত ৭ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত এক মাসে সব মিলিয়ে ১০ হাজার ৩২৮ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলেও জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা। নিহতদের মধ্যে শিশু হলো ৪ হাজার ২৩৭ জন, নারী ২ হাজার ৭১৯ জন এবং বয়স্ক মানুষের সংখ্যা ৬৩১ জন।

ইসরায়েলিদের বিমান হামলায় এক মাসে ২৫ হাজার ৯৫৬ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

সূত্র: আল জাজিরা