ইসরাইলি হামলায় বন্ধ গাজার ৩০ হাসপাতাল

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান , ইসরায়েলের হামলায় গাজার কমপক্ষে ৩০টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে গেছে । জ্বালানি সংকট ও মেডিকেল সামগ্রীও শেষ হয়ে যাওয়ার কারণে বেশিরভাগ হাসপাতালই তাদের কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে।

অনেক হাসপাতাল শুধু জরুরি সেবা দিতে পারছে। অন্যান্য রোগীদের সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। গাজার আল নাসর হাসপাতালে শুধু জরুরি বিভাগ ছাড়া সব বিভাগের কার্যক্রম এখন বন্ধ রাখা হয়েছে।

আগামী কিছু সময়ের মধ্যে আরও কিছু হাসপাতালও তাদের কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হবে। জরুরি ভিত্তিতে গাজায় জ্বালানি সরবরাহ নিশ্চিত করা না গেলে পরিস্থিতির আরও অবনতি ঘটবে । গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে ৮ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হামাসের হামলায় ইসরায়েলে ১৪০০ জন নিহত এবং ২২৯ জনকে বন্দী করা হয়েছে বলে দাবি করা হয়।

এদিকে হামাসের এক বিবৃতিতে জানানো হয়েছে সীমান্ত পেরিয়ে ইসরায়েলি সৈন্য ও ট্যাঙ্ক গাজায় প্রবেশ করলে উত্তর গাজার বেইত হানুন এবং মধ্য গাজার বুরেজের কাছে তীব্র লড়াই হয়েছে ।