শেখ হাসিনার জন্মদিনে মোদির শুভেচ্ছা

দেশ বর্তমান প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ তথ্য নিশ্চিত করেছে ঢাকায় ভারতীয় হাইকমিশন। ঢাকায় ভারতীয় হাইকমিশন গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার কিছু আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় এ কথা জানায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমের বার্তায় বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২৮ সেপ্টেম্বর তার জন্মদিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন এবং তার সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন। ভারতীয় হাইকমিশনের বার্তায় শেখ হাসিনার জন্য পাঠানো ফুলের ছবিও প্রকাশ করা হয়।
শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জ্যেষ্ঠ সন্তান এবং আওয়ামী লীগের সভাপতি তিনি।