নিঃশর্ত ক্ষমা চাইলেন মেয়র জাহাঙ্গীর

আদালত অবমাননা

এনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায় প্রসঙ্গে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে অশালীন মন্তব্য করার ঘটনায় আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম।

আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করেন তিনি।

তবে, আদালত মেয়রকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেননি আজ। তার বিরুদ্ধে করা আদালত অবমাননার রুলের শুনানির জন্য আগামী ১২ অক্টোবর দিন ধার্য করেছেন আপিল বিভাগ। ওইদিনও পৌর মেয়র জাহাঙ্গীর আলমকে আদালতে হাজির হতে হবে।

আজ বৃহস্পতিবার আদালতে দিনাজপুর পৌর মেয়রের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আবেদনকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।

আদালত থেকে বের হয়ে দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর বলেন, ‘আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে মন্তব্য করার ঘটনায় আমি অনুতপ্ত।’

আগামী ১২ অক্টোবর মেয়রের বিরুদ্ধে জারি করা আদালত অবমাননার রুলের শুনানির জন্য দিন ধার্য করেছেন আপিল বিভাগ। ওইদিনও মেয়র জাহাঙ্গীর আলমকে কোর্টে হাজির থাকতে বলা হয়েছে।

এর আগে, গত ১৭ আগস্ট প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চ দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে তলব করেন। সুপ্রিম কোর্টের চার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে তাকে তলব করা হয়। সেই সঙ্গে মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে রুলও জারি করা হয়।

উল্লেখ্য, দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায় প্রসঙ্গে বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে ইউটিউবে অশালীন মন্তব্য করেন। মন্তব্যের পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তিন সদস্যসহ চার আইনজীবী আদালত অবমাননার আবেদনটি করেন। তারা হলেন আইনজীবী হারুন অর রশীদ, আইনজীবী মাহফুজুর রহমান রোমান, আইনজীবী মো. মনিরুজ্জামান রানা ও আইনজীবী শফিক রায়হান শাওন।

এমএইচএফ