টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের দৈনিক বাজার এলাকায় রাতে ফুটপাত দখল করে দোকান বসানোর অভিযোগ উঠেছে। এতে মূল বাজারের ব্যবসায়ীদের বেচাকেনা কমে গেছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে এ পরিস্থিতি চলায় হতাশ হয়ে পড়েছেন বাজারের স্থায়ী ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিদিন সন্ধ্যার পর বাজারের আশপাশের ফুটপাত ও মধুপুর ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে মধুপুর বাসস্ট্যান্ডের উত্তর পার্শে চলাচলের জায়গা দখল করে বিভিন্ন ধরনের দোকান বসানো হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এসব অস্থায়ী দোকানে ক্রেতাদের ভিড় বাড়ে। ফলে অনেক ক্রেতা মূল বাজারে না গিয়ে ফুটপাতের এসব দোকান থেকেই প্রয়োজনীয় পণ্য কিনে নিচ্ছেন। এতে দোকান ভাড়া, কর্মচারীর বেতনসহ নানা খরচ বহন করা স্থায়ী ব্যবসায়ীদের বেচাকেনায় নেতিবাচক প্রভাব পড়ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী বলেন, তারা নিয়মিত দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারীদের বেতনসহ বিভিন্ন ধরনের খরচ বহন করে ব্যবসা পরিচালনা করছেন। অথচ ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতে এসব খরচ না থাকায় তুলনামূলক কম দামে পণ্য বিক্রি করা সম্ভব হচ্ছে। এতে স্থায়ী ব্যবসায়ীদের সঙ্গে অসম প্রতিযোগিতা তৈরি হচ্ছে।
ব্যবসায়ীরা আরও বলেন, ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলেও দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। সন্ধ্যার পর বাজার এলাকায় মানুষের ভিড় ও যানজটও বেড়ে যায়। এতে বাজারের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে।
তাদের দাবি, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত রাখা এবং বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের নিয়মিত নজরদারি প্রয়োজন। পাশাপাশি ফুটপাত দখল করে বসানো দোকান উচ্ছেদ করে স্থায়ী ব্যবসায়ীদের ব্যবসার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।
ব্যবসায়ীরা বলেন, “আমরা নিয়ম মেনে ব্যবসা করছি। অথচ ফুটপাতের দোকানের কারণে আমাদের বেচাকেনা কমে যাচ্ছে। বিষয়টি প্রশাসনের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।”
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপের মাধ্যমে ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচল স্বাভাবিক এবং বাজারের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার দাবি জানিয়েছেন মধুপুর দৈনিক বাজারের ব্যবসায়ীরা।