লটাঙ্গাইলের মধুপুরে সড়কের পাশের একটি সজনে গাছ থেকে রতন সিংহ (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জলছত্র বাজার এলাকায় মধুপুর-ময়মনসিংহ সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রতন সিংহ উপজেলার আঙ্গিনাপাড়া গ্রামের মৃত জগদীশ চন্দ্র সিংহের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে জলছত্র বাজার এলাকায় মধুপুর-ময়মনসিংহ সড়কের পূর্ব পাশে সজনে গাছের সঙ্গে এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পথচারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে অরণখোলা পুলিশ ফাঁড়ির সদস্য ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মধুপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।