গোবিন্দগঞ্জে পানিতে লাফ দিয়ে কলেজছাত্র নিখোঁজ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে খালের পানিতে গোসল করতে যায় ৫ বন্ধু।  একপর্যায়ে সবাই মিলে ব্রিজের উপর থেকে পানিতে লাফ দেয়।  তাদের মধ্যে চার জন উঠতে পারলেও শিহাব মিয়া (২১) নামের এক কলেজ ছাত্র নিখোঁজ হয়।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার রাজাহার ইউনিয়নের পানিতলা খালে এ ঘটনা ঘটে।  সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুজি করেও সন্ধান মেলেনি তার।

নিখোঁজ শিহাব মিয়া ওই ইউনিয়নের শিহিরপুর গ্রামের খাজা মিয়ার ছেলে ও স্থানীয় শহরগাছী ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানান, ওই সময় শিহাব মিয়াসহ ৫ জন বন্ধু পানিতলা খালে গোসল করতে যায়।  সেখানে সবাইমিলে ব্রিজের উপর থেকে খালের পানিতে লাফ দেয়।  এরই মধ্যে অন্য ৪ বন্ধু উঠতে পারলেও নিখোঁজ হয় শিহাব।

এরপর এলাকাবাসী অনেক খোজাখুজি করেও তাকে উদ্ধার করতে পায়নি।  পরে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।  ফায়ার সার্ভিস কর্মীরা ঘটরস্থলে উপস্থিত হয়ে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেও শিহাবকে উদ্ধার করতে পারেনি।

এ বিষয়ে রাজাহার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, গোসল করতে গিয়ে শিহাব মিয়া নামের এক যুবক নিখোঁজ হয়েছে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার জানান, সন্ধ্যা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালানো হয়।  কিন্তু, এখনো নিখোঁজ কলেজ ছাত্রটির সন্ধান মেলেনি।   একটি ডুবরি দল এখনও কাজ করছে।

গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান বলেন, এ ঘটনার খবর পেয় ঘটনাস্থল পরিদর্শন করা হয়।  নিখোঁজ শিহাবকে উদ্ধারে সন্ধ্যার পর একটি ডুবরি দল খোঁজাখুঁজি করছেন।  এমন ঘটনা খুবই দুঃখজনক বলে জানান তিনি।