মোরেলগঞ্জে মানববন্ধনের প্রতিবাদে স্বাস্থ্য কর্মকর্তার সংবাদ সম্মেলন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতির বিরুদ্ধে মানববন্ধনসহ নানা অভিযোগের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন স্বয়ং স্বাস্থ্য কর্মকতা নিজেই।

সোমবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে তার নিজ সরকারি দপ্তরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় তার সাথে ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সিয়াম ও ভারপ্রাপ্ত স্টোর কিপার মো. রিয়াদ হাসান সোহাগ ।
সংবাদ সম্মেলনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, একটি কুচক্রি মহল আমার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করছে। স্বৈরাচারের দোসর ওই অংশটি আমার বিরুদ্ধে মিথ্য, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করে আমাকে হেয় প্রতিপন্ন করছে এবং হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে নানা গুজব ছড়াচ্ছে। আমি এসব মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অভিযোগ ও মানববন্ধনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
তিনি আরও বলেন, হাসপাতালে জনবল এবং সজ্জা সংকট থাকার পরেও আমরা সার্বক্ষনিক রোগীদের যথাযথ সেবা দিয়ে যাচ্ছি। একটি মহল হাসপাতালে ঔষধ নিয়ে গুজব ছড়াচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমরা রোগীদেরে হাসপাতাল থেকেই ঔষধ সরবরাহ করছি। বর্তমানে আমাদের হাসপাতালে প্রয়োজনীয় ঔষধ রয়েছে। বর্তমান সরকার স্বাস্থ্যখাতে বাজেট বৃদ্ধি করার ফলে আগামীতে ঔষধ ও চিকিৎসা সামগ্রী নিয়ে আর কোন সংকট থাকবে না বলে আশা রাখি। এ অবস্থায় তিনি ষড়যন্ত্রকারী কুচক্রী মহলের মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন গুজবে কান না দেয়ার জন্য এলাকার নাগরিকদের প্রতি আহ্বান জানান।
##