সুনামগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি

প্লাবিত নিম্নাঞ্চল

কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে দ্বিতীয় দফায় আবারও বাড়ছে সুনামগঞ্জের সবকটি নদ-নদীর পানি। এতে রাস্তাঘাট ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন নিম্নাঞ্চলের পাঁচ লাখেরও বেশি মানুষ।

শনিবার (১ জুলাই) পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দূর্গাপুর সড়ক ডুবে যায়।

বৃষ্টি ও ঢলে সুরমা, কুশিয়ারা, কালনী, বৌলাই, পাটলাই, যাদুকাটা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এরই মধ্যে শক্তিয়ারখলা পয়েন্টের ১০০ মিটার সড়ক ডুবে গেছে।

সুনামগঞ্জ পৌর শহরের কাজির পয়েন্ট এলাকার বাসিন্দা হাফিজুর রহমান বলেন, আজ সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বাসার সামনে নদীর পানি চলে এসেছে। ভয়ে আছি, গতবারের মতো পরিস্থিতি হলে এবারও বিপদে পড়বো।

শহরের তেঘরিয়া এলাকার বাসিন্দা ঝর্ণা বেগম বলেন, গত বন্যায় মানুষের এতো এতো কষ্ট হয়েছে, এখনও আমরা ভুলতে পারিনি। এর মধ্যে আবার পানি চলে আসছে। খুবই আতঙ্কের মধ্যে আছি।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, বৃষ্টিপাত অব্যাহত থাকায় ও উজানের পাহাড়ি ঢল নামায় সুনামগঞ্জের সুরমা, যাদুকাটা, কুশিয়ারাসহ সব নদ-নদীর পানি বিপদসীমার ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সুনামগঞ্জের স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা রয়েছে বলেও জানান তিনি।

এমএইচএফ