শিবালয়ে সরকারি রাস্তা দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন, এমপিকে এলাকাবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী ইউনিয়নের শশীনাড়া হতে মাগুরাইল ও বীরবাশাইল সংযোগকারী সরকারি রাস্তার জায়গা অবৈধ দখলের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন এলাকাবাসী। বুধবার (৮ জুলাই) সকালে শশীনাড়া এলাকায় রাস্তা দখলমুক্ত করার দাবিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা।
মানববন্ধনে অংশ নেওয়া শশীনাড়া ও মাগুরাইল গ্রামবাসী অভিযোগ করেন, সরকারি অর্থায়নে রাস্তাটি কার্পেটিং করে চলাচলের উপযোগী করার পর কিছু অসাধু ব্যক্তি তা দখল করে রেখেছেন। আনন্দ দাস ও মদন দাসের বিরুদ্ধে সরকারি রাস্তার জায়গায় অবৈধভাবে গাছ লাগানো এবং সরকারি গাছ কাটার কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
এ সময় বক্তারা বলেন, রাস্তার ওপর গাছ থাকায় ভ্যানসহ ছোটখাটো যানবাহন চলাচল করতে পারছে না। এছাড়া রাস্তার কাজ অসম্পূর্ণ থাকায় কোমলমতি শিক্ষার্থীদের স্কুল যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা মো. কালাম হোসেন জানান, আনন্দ দাস আমিন দিয়ে জমি মেপে নিজের অংশ বুঝে নেওয়ার পরেও সরকারি রাস্তায় গাছ রেখে দিয়েছেন। তিনি আরও বলেন, “গাছগুলো অনেক আগেই কেটে ফেলার কথা থাকলেও তা না কাটায় রাস্তার উন্নয়ন কাজ বর্তমানে বন্ধ রয়েছে।”
মানববন্ধনে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী ইউপি সদস্য মনোয়ারা বেগম, স্থানীয় বাসিন্দা নারায়ন চন্দ্র দাস (নারু), ব্যবসায়ী মো. আজিজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা অবিলম্বে অবৈধ গাছ অপসারণ এবং সরকারি জায়গা দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের পথ সুগম করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
গাছের মালিকানা দাবীদার আনন্দ দাসের সাথে যোগাযোগ করলে মোবাইল ফোনে বলেন, রাস্তার গাছ গুলো আমার জায়গায় । যদি রাস্তা পরিমাপের পর গাছ গুলো সরকারি জায়গায় হয়ে থাকে তাহলে আমি গাছ কেটে দেবো।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মনীষা রানী কর্মকার বলেন, আমি সেখানে গিয়ে ছিলাম এবং গাছের মালিকানা দাবীদার আনন্দ দাসকে বলেছি গাছ গুলো নিজের জায়গায় হলেও জনস্বার্থে কেটে দিতে হবে। তিনি আরোও বলেন, এখনো রাস্তার শেষ হয়নি? তাহলে আমি আবার সেখানে গিয়ে ঘটনা পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
একইসাথে, রাস্তাটি কার্পেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন করে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব করার সিদ্ধান্ত গ্রহন করায় স্থানীয় সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর-এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী। শশীনাড়া ও মাগুরাইল গ্রামবাসীর পক্ষ থেকে এমপি মহোদয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মান্নান মল্লিক, শিবালয় উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জায়েদুর রহমান জাহিদ, মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. কামাল আহমেদ সুমন, শিবালয় থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. ফরহাদ হোসেন, আতাব উদ্দিন মাতব্বর, তোফাজ্জল ফকিরসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং এলাকার সর্বস্তরের জনগণ।
পরিশেষে, জনস্বার্থে বাঁধাগ্রস্ত করার বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন গ্রামবাসী। তারা দ্রুত এই অবৈধ দখলদারদের হাত থেকে রাস্তাটি উদ্ধার করার দাবি জানান।