সরকারি বনায়নের জায়গা দখলকে কেন্দ্র করে নুরুল ইসলাম প্রকাশ নুরু (৩৬) নামের এক যুবককে অপহরণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি আকবর হোসেন বাঁচাকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব-১৫| গত শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার কেরানীহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১৫| আকবর হোসেন উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৮ ন¤^র ওয়ার্ডের সিকদারপাড়ার বাসিন্দা|
জানা যায়, সরকারি বনায়নের জায়গা দখল নিয়ে দীর্ঘদিন ধরে নুরুল ইসলামের সঙ্গে আসামিদের বিরোধ চলছিল| এর জেরে গত ২৩ জুন নুরু ও তার স্ত্রীকে মারধর করা হয়| এ ঘটনায় নুরুর স্ত্রী সাতকানিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন| পরদিন ২৪ জুন কাজ শেষে বাড়ি ফেরার পথে বড়দুয়ারা ফরেস্ট অফিসের সামনে থেকে নুরুকে অপহরণ করা হয়| ২৫ জুন বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের মাঝেরপাড়া এলাকার একটি সেতুর নিচ থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ| তাকে বান্দরবান সদর হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়| সেখানে আইসিইউ শয্যা না থাকায় নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২৮ জুন সকালে তার মৃত্যু হয়| এ ঘটনায় গত ১ জুলাই নিহতের ছোট ভাই মোহাম্মদ শাহ আলম বাদী হয়ে আকবর হোসেন বাঁচাসহ চারজনের নামোল্লেখ এবং আরও ৭-৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে সাতকানিয়া থানায় হত্যা মামলা করেন|
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন|