সামাজিক সেবা, মানবিক উদ্যোগ ও নেতৃত্ব বিকাশের অঙ্গীকারকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগং। মঙ্গলবার (৩০ জুন) রাতে নগরীর নাসিরাবাদের জিন্নুরাইন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ আয়োজনে ক্লাবের সদস্য, প্রাক্তন সভাপতি, রোটারিয়ান ও অতিথিদের মিলনমেলায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান সৈয়দা কামরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান মিজানুর রহমান আপন। বক্তব্য দেন ক্লাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ও সাবেক সভাপতি রোটারিয়ান এমদাদুল আজিজ চৌধুরী এবং সাবেক সভাপতি রোটারিয়ান ও দেশ বর্তমানের সম্পাদক এস. এম. জমির উদ্দিন।
অনুষ্ঠানে বিগত এক বছরে ক্লাবের পরিচালিত বিভিন্ন সমাজসেবামূলক ও মানবিক কার্যক্রমের ওপর একটি বিশেষ প্রামাণ্য উপস্থাপনা প্রদর্শন করা হয়। এতে শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা এবং জনকল্যাণমূলক উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরা হয়। উপস্থিত অতিথিরা ক্লাবের এসব কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সমাজকল্যাণে আরও বিস্তৃত ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিপি রোটারিয়ান প্রফেসর ডা. ইমরান বিন ইউনূস, সিপি রোটারিয়ান অধ্যাপিকা ফাতেমা জেবুন্নেছা, সিপি রোটারিয়ান জাহেদা আক্তার মিতা, পিপি রোটারিয়ান মনিরুজ্জামান, পিপি রোটারিয়ান রেজাউল করিম চৌধুরী (রেজা), পিপি রোটারিয়ান অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম, পিপি রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, পিপি রোটারিয়ান ছাইফুল হুদা ছিদ্দিকী, পিপি রোটারিয়ান আ. ম. ম. সাজ্জাদ, পিপি রোটারিয়ান ডা. এম. এ. করিম (পিএইচডি), পিপি রোটারিয়ান মাহফুজুর রহমান, পিপি রোটারিয়ান জামাল উদ্দিন, পিপি রোটারিয়ান আজিজুল হক, আইপিপি রোটারিয়ান এস. এম. জমির উদ্দিন, পিপি রোটারিয়ান ফোরকান উদ্দিন, পিপি রোটারিয়ান ক্যাপ্টেন আতাউর রহমান, পিপি কামরুল মোর্শেদ এবং রোট্যারেক্টর ফাউজুল, ইফতি, বাতিন ও তন্ময় নিশিসহ ক্লাবের সদস্যরা।
অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক নির্বাচিত হওয়ায় ক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান আবু হায়দার চৌধুরী আমজাদ ও রোটারিয়ান শহীদুল ইসলাম চৌধুরীকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক নির্বাচিত হওয়ায় ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান সৈয়দা কামরুন নাহারকে শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।
শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, র্যাফেল ড্র এবং ফেলোশিপ ডিনারের মাধ্যমে ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়। উপস্থিত সদস্যরা আগামী দিনেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক ও সেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন।