শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে, তা জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কোন স্ট্যাটাসে ভারতে আছে, তা জানে না বাংলাদেশ। তবে তাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
সোমবার (১৭ আগস্ট) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এসময় তিনি জানান, ভারতের মেঘালয়ে সালাহউদ্দিন আহমেদের অবস্থান এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার সঙ্গে শেখ হাসিনার বিষয়টির কোনো সম্পর্ক নেই। চিফ প্রসিকিউটর বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে ২০১৫ সালের ১০ মার্চ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য বাসা থেকে তুলে নিয়ে যায়। ৬১ দিন গুম রাখার পর ১০ মে তাকে ভারতের মেঘালয়ের শিলংয়ে ফেলে রাখা হয়।
তিনি আরও বলেন, পরে পুলিশ তাকে হেফাজতে নিয়ে ফরেনার্স অ্যাক্টের ১৪ ধারায় মামলা করে। ওই মামলায় প্রমাণিত হয়, তাকে বাংলাদেশ থেকে অপহরণ করে ভারতে ফেলে রাখা হয়েছিল। ফলে ভারতীয় আদালত তাকে বেকসুর খালাস দেয়। ওই রায়ের বিরুদ্ধে করা আপিলও খারিজ হলে তিনি মুক্ত হয়ে বাংলাদেশে ফিরে আসেন।