শরীয়তপুর-১ আসনকে ঘিরে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাজিরা উপজেলা শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের গণমানুষের নেতা ও বিএনপির মনোনীত সংসদ সদস্য জনাব সাঈদ আহমেদ (আসলাম), সভায় দলের বর্তমান কার্যক্রম, সাংগঠনিক অবস্থা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেছে। জনগণের সেই প্রত্যাশা পূরণে বিএনপি গণমানুষের পাশে থেকে একটি গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে।” সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম বিস্তৃত করা, নতুন নেতৃত্ব তৈরি এবং জনগণের আস্থা অর্জনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথাও উল্লেখ করেন। আলোচনা সভায় জাজিরা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা দলকে আরও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।