শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ককটেল বিস্ফোরণ নিহত ১ আহত অন্তত ১০ জন। আহতদের মধ্যে একজনের হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মূলনা ইউনিয়নের লাউখোলা এলাকায় সংঘর্ষে ঘটনা ঘটে। এতে নিহত হন মান্নান সরদার সেনেরচর ইউনিয়নের চরধুপুর চরকান্দি এলাকার একজন বাসিন্দা । স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, লাউখোলা এলাকায় রেজাউল শিকদার ও তার সমর্থকদের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে তমিজ খাঁ ও তার সমর্থকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়ে। এই সংঘর্ষের সময় একাধিক ককটেল বিস্ফোরণের ফলে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় মান্নান সরদারকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সময় তমিজ খাঁর পক্ষের সমর্থক রিপন মোল্লা ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হন। তাঁর হাতের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা পাঠানো হয়েছে।জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমান বাদশাহ বলেন, ককটেল বিস্ফোরণের আঘাত নিয়ে দুজন হাসপাতালে আসেন। তাদের মধ্যে একজনের হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাকে ঢাকায় রেফার করা হয়েছে, অপরজনকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এ ঘটনার ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, জাজিরায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।