রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই সবচেয়ে আলোচনায়, ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই এখন সবচেয়ে জোরালোভাবে আলোচনায়। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

রাষ্ট্রপতি পদে মনোনয়ন চূড়ান্ত হলে স্থানীয় সরকারমন্ত্রীর পদ থেকে মির্জা ফখরুলকে পদত্যাগ করতে হতে পারে। একই সঙ্গে বিএনপির মহাসচিব পদেও পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি হওয়ায় দলটির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি।

চূড়ান্ত সিদ্ধান্ত তারেক রহমানের হাতে

বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। গত ১ আগস্ট দলের স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়।

মির্জা ফখরুলের পাশাপাশি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. খন্দকার মোশাররফ হোসেনড. আবদুল মঈন খান-এর নামও আলোচনায় এসেছে। তবে শেষ পর্যন্ত মির্জা ফখরুলের নামই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বলে দলীয় সূত্রের দাবি।

সচিবালয় ও বাসভবনে শুভাকাঙ্ক্ষীদের ভিড়

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম আলোচনায় আসার মধ্যেই মঙ্গলবার সচিবালয়ে তার কার্যালয়ে শুভাকাঙ্ক্ষীদের ভিড় দেখা যায়। অনেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তবে এ বিষয়ে মির্জা ফখরুলকে খুব বেশি উৎসাহী হতে দেখা যায়নি। শুভেচ্ছা জানাতে আসা ব্যক্তিদের তিনি বলেন, ‘আগে হোক, তারপর।’

পরে সাংবাদিকদের রাষ্ট্রপতি পদে নিজের সম্ভাব্য মনোনয়ন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘রাষ্ট্রপতি ইস্যুতে এই মুহূর্তে কিছুই বলার নেই। ১৩ আগস্টের পর দলীয় মনোনয়নের বিষয়টি সমাধান হয়ে যাবে।’

বৃহস্পতিবার মনোনয়ন, ভোট ২০ আগস্ট

নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৬ আগস্ট হবে মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

চূড়ান্তভাবে একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশনকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরাই ভোটার। নির্বাচন কমিশন ইতোমধ্যে ভোটার হিসেবে ৩৪৯ জন সংসদ সদস্যের তালিকা প্রকাশ করেছে।

মহাসচিব পদেও আসতে পারে পরিবর্তন

মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেলে স্থানীয় সরকারমন্ত্রীর পাশাপাশি বিএনপির মহাসচিব পদ থেকেও তাকে সরে দাঁড়াতে হতে পারে। ফলে তার মনোনয়ন চূড়ান্ত হলে দলটির মহাসচিব পদে কে আসছেন, তা নিয়েও নতুন করে আলোচনা শুরু হবে।

দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, রাষ্ট্রপতি প্রার্থী বাছাইয়ের দায়িত্ব চেয়ারম্যানের ওপর দেওয়া হয়েছে। মির্জা ফখরুলের নাম বেশি আলোচনায় থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত চেয়ারম্যানই নেবেন।

অন্যদিকে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি।

রাজনৈতিক অভিজ্ঞতা, দীর্ঘদিনের দলীয় নেতৃত্ব এবং সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতার কারণে মির্জা ফখরুলের নামই বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত। এখন সবার নজর বৃহস্পতিবারের আনুষ্ঠানিক ঘোষণার দিকে