বেপজা নিরাপত্তারক্ষীদের ওপর হামলা, চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (সিইপিজেড) থেকে চুরির ঘটনায় আটক এক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার সময় বেপজা নিরাপত্তারক্ষীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে সংঘবদ্ধ চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আসলাম শেখ (২৪), আব্দুল কাইয়ুম (৩২), মো. রাশেদ (৩৮) ও মো. রাসেল আলামিন (২৯)

পুলিশ জানায়, গত ১৭ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে সিইপিজেডের মেসার্স তারিক আজিম টেক্সটাইল লিমিটেডে একদল চোর প্রবেশ করেছে—এমন খবর পেয়ে বেপজার নিরাপত্তা টহল দল ঘটনাস্থলে যায়। নিরাপত্তারক্ষীদের উপস্থিতি টের পেয়ে চোরেরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আসলাম শেখকে আটক করা হয়।

পরে তাকে পুলিশের কাছে হস্তান্তরের জন্য গাড়িতে করে সিইপিজেড পুলিশ ফাঁড়ির দিকে নেওয়া হচ্ছিল। পথে সিইপিজেডের বেপজা সিকিউরিটি গেট থেকে প্রায় ২০ মিটার উত্তর-পূর্বে বিডি অ্যাপারেলসের গেটের সামনে ৩০ থেকে ৪০ জনের একটি দল গাড়িটির গতিরোধ করে

এ সময় তারা গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে আটক আসলাম শেখকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে দেশীয় অস্ত্র নিয়ে বেপজার নিরাপত্তারক্ষীদের ওপর হামলা করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা নিরাপত্তারক্ষীদের মারধর করে গাড়ি ভাঙচুরের পর জোরপূর্বক আসলাম শেখকে ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনার পর বেপজার সহকারী পরিচালক (প্রশাসন ও এস্টেট) পাপ্পু দে বাদী হয়ে ১৮ আগস্ট ইপিজেড থানায় মামলা করেন। মামলায় আসলাম শেখসহ নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় দণ্ডবিধির ৩৪১, ৩০৭, ৩৩২, ৩৩৩, ৩৫৩, ২২৫(খ) ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে এবং ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতিকুর রহমানের তত্ত্বাবধানে ইপিজেড ও বন্দর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে ছিনিয়ে নেওয়া আসলাম শেখসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।