চট্টগ্রাম নগরের আতুরের ডিপো এলাকায় বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার (১৯ আগস্ট) সকালে ইত্যাদি জিন্স কারখানার শ্রমিকরা আতুরের ডিপো এলাকার প্রধান সড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন।
শ্রমিকদের সড়কে অবস্থানের কারণে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা।
বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বেতন-ভাতা বকেয়া রয়েছে। পাশাপাশি ওভারটাইমসহ অন্যান্য ন্যায্য পাওনাও পরিশোধ করা হচ্ছে না। বারবার কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে সমাধান না পাওয়ায় তারা সড়কে নামতে বাধ্য হয়েছেন বলে জানান শ্রমিকরা।
শ্রমিকরা বলেন, বকেয়া বেতন পরিশোধের পাশাপাশি তাদের অন্যান্য ন্যায্য দাবিও দ্রুত বাস্তবায়ন করতে হবে। দাবি পূরণে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হয়। একই সঙ্গে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয়।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম জানান, গার্মেন্টস শ্রমিকরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন। পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে রয়েছে। উভয় পক্ষের সঙ্গে কথা বলে সমঝোতার চেষ্টা চলছে।
উল্লেখ্য, চট্টগ্রামে এর আগেও বকেয়া বেতন, ওভারটাইম ও বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। চলতি বছরের বিভিন্ন ঘটনায় শ্রমিকদের বিক্ষোভের কারণে নগরের গুরুত্বপূর্ণ সড়কে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়।
শ্রমিকদের দাবি দ্রুত নিষ্পত্তি করে বকেয়া পাওনা পরিশোধ করা না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।