চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজারসহ তিনজনকে আটক করেছে কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রেজারের মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৯টার দিকে বাঁশখালী থানার চানুয়াঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী।
কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় নদী এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজারসহ তিনজনকে আটক করা হয়।
পরে বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
এদিকে আটক তিন বালু উত্তোলনকারীর কাছ থেকে মুচলেকা নেওয়ার পর ড্রেজারসহ তাদের ছেড়ে দেওয়া হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত বলেন, নদীতীরবর্তী এলাকার ফসলি জমি ও বসতভিটা রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।